কড়াইল বস্তির আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেলে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটে ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ঘিঞ্জি বসতি ও তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বস্তির ঘরগুলো মূলত টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগও তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুন লাগার সময় অধিকাংশ মানুষ বাড়িতে ছিলেন না। বাড়ি হারানো লাভলী বেগম বলেন, “সাত বছর ধরে যা গড়েছি সবই পুড়ে গেল। এখন আমাদের পথে বসতে হবে।”

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—তা এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।