নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে ঢাকা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

রাজধানী ঢাকা জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের বিস্ময়কর গতিতে নবম অবস্থান পেরিয়ে এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, অভূতপূর্ব জনঘনত্ব ও অভিবাসনের প্রবাহ ঢাকাকে মেগাসিটির শীর্ষসারিতে তুলে এনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের শীর্ষস্থানীয় টোকিওকে সরিয়ে তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বাসিন্দা এখন প্রায় ৪ কোটি ১৯ লাখ। দ্বিতীয় স্থানে থাকা ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ—যা টোকিওর ৩ কোটি ৩৪ লাখ মানুষের চেয়েও বেশি।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ অনুযায়ী, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা এখন ৩৩, যার মধ্যে ১৯টিই এশিয়ায়। শীর্ষ ১০ এর ৯টি শহর এশিয়াতেই—নয়াদিল্লি, সাংহাই, গুয়াংজু, ম্যানিলা, কলকাতা ও সিউল তাদের মধ্যে উল্লেখযোগ্য। এ তালিকার বাইরে একমাত্র আফ্রিকান শহর কায়রো।

জনসংখ্যা বাড়ার পেছনে ঢাকার প্রধান কারণ অভ্যন্তরীণ স্থানান্তর। কর্মসংস্থান, জলবায়ুজনিত ঝুঁকি, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ দলে দলে রাজধানীতে এসে আশ্রয় নিচ্ছেন। জাতিসংঘের পূর্বাভাস, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই ঢাকা বিশ্বের বৃহত্তম মেগাসিটি হিসেবে উঠে আসতে পারে।