খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ।

শুধু নয় মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

নীতিনির্ধারকরা বলছেন, গত কয়েক বছরে সরকারি প্রভাব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন নামে-বেনামে নেওয়া ঋণ এখন বড় পরিসরে অদায় হয়ে পড়ছে। আন্তর্জাতিক মানে ঋণ শ্রেণিকরণ পদ্ধতি কঠোর করায়ও খেলাপির পরিমাণ আনুষ্ঠানিকভাবে বেড়েছে। অনেক নবায়নকৃত ঋণও আদায়ে অগ্রগতি না হওয়ায় সেগুলোকে খেলাপি হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণই প্রায় এক-তৃতীয়াংশকে ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭১৮ কোটি টাকা।

ব্যাংক খাতের বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই পরিসংখ্যান দেশের আর্থিক স্থিতিশীলতা ও ব্যাংক খাতের পুনর্গঠনের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলছে।