শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বুধবার। তিন বিচারপতির স্বাক্ষরিত রায়টি ৪৫৩ পৃষ্ঠার।

রায়ের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের সহযোগী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ। রায় প্রকাশের ফলে দুজন আসামিকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।

এর আগে, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন—যা গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়। মামলার অপর আসামি ও রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে ট্রাইব্যুনাল বলেছে, উপস্থাপিত অডিও–ভিডিও, সাক্ষ্য এবং নথিগুলো থেকে প্রমাণিত হয়েছে যে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশে “সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি” বহন করেছেন শেখ হাসিনা। একই নির্দেশ বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি।

রায়ের একাংশে আদালত উপস্থাপন করে বিভিন্ন টেলিফোন কথোপকথন—যার মধ্যে ছিল আন্দোলন দমনে ড্রোন, হেলিকপ্টার ও গুলি ব্যবহার সম্পর্কিত নির্দেশনার উল্লেখ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ও কয়েকটি জেলায় গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যার অভিযোগের ভিডিওপ্রমাণও রায়ে সন্নিবেশ করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল জানান, মামলার ঘটনাপ্রবাহ, তদন্ত, সাক্ষ্য এবং আন্তর্জাতিক আইনের কাঠামো অনুযায়ী রায় ছয় ভাগে সাজানো হয়েছে।