খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার প্রস্তুতিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত: আযম খান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি জানান, বিভিন্ন দেশের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।

শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি বিদেশে নেওয়ার মতো পর্যায়ে পৌঁছালে মেডিকেল বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দিলে প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিন হাসপাতালে গিয়ে তার খোঁজ নিচ্ছেন।

শনিবার সকালে বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম তাকে দেখে এসে দেশবাসীর কাছে দোয়া চান। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, তার অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগ কাটেনি। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের পক্ষ থেকেও খালেদা জিয়ার অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে; তবে চিকিৎসকদের নির্দেশনা তিনি বুঝতে পারছেন বলেও জানানো হয়।

তার শারীরিক অবস্থার অবনতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নিয়মিতভাবে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনে সহায়তার নির্দেশ দিয়েছেন।

এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক প্রতীক, এবং এই উত্তরণ-পর্বে তার রাজনৈতিক অভিজ্ঞতা এখনও জাতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।