কারাগারে অসুস্থ হলমার্ক গ্রুপের এমডি তানভীরের ঢামেকে মৃত্যু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির অন্যতম সাজাপ্রাপ্ত আসামি তানভীর মাহমুদ (৫৫) কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ।

কারা কর্মকর্তারা জানান, দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে হাসপাতাল পাঠানো হয়। নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা–নিরীক্ষার পর সন্ধ্যায় অবস্থা অবনতি হলে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তানভীর। তিনি রমনা ও কাফরুল থানার মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে দীর্ঘদিন কারাভোগ করছিলেন।

গত বছর সোনালী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের মামলায় তানভীর, তার স্ত্রী জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১২ সালে প্রকাশ্যে আসা প্রায় চার হাজার কোটি টাকার হলমার্ক দুর্নীতি দেশের অন্যতম আলোচিত অর্থ কেলেঙ্কারি হিসেবে পরিচিত হয়ে ওঠে।

হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে তার দেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।