রুহুল কবির রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি নেই, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া এখনও সংকটাপন্ন, এবং বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড কোনো চূড়ান্ত মত দেয়নি।

রিজভী জানান, চিকিৎসাসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে। তিনি বলেন, “এ মুহূর্তে অবস্থার কোনো পরিবর্তন নেই। বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে পাঠানোর সিদ্ধান্ত সম্ভব নয়।”

খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় ডিসেম্বর মাসজুড়ে বিএনপির সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। দলটি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে।

হাসপাতালের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, এই ভিড় চিকিৎসা কার্যক্রম ব্যাহত করছে। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে দোয়া করার অনুরোধ জানান।

বিএনপি নেতাদের সঙ্গে চিকিৎসকদের নিয়মিত যোগাযোগ চলছে বলে তিনি উল্লেখ করেন। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং পরিবারের সদস্য হিসেবে সবসময় যোগাযোগ রাখছেন বলে জানান রিজভী।