বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার মধ্যে লন্ডনে থাকা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—তিনি চাইলে একদিনেই ‘ওয়ান-টাইম পাস’ পেতে পারেন।
রোববার ডিক্যাব টকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “যদি কেউ পাসপোর্ট ছাড়া দেশে ফিরতে চান, তাকে আমরা একবার প্রবেশের পাস দিই। এতে একদিন লাগে। তারেক রহমান আজ বললে, আমরা কালই দিতে পারব—এতে কোনো বাধা নেই।”
শনিবার ফেসবুক পোস্টে তারেক বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার “একক নিয়ন্ত্রণাধীন নয়।” এ বক্তব্য নিয়ে প্রশ্ন উঠলে পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন, “সরকারের পক্ষ থেকে কোনো নিষেধ নেই। নিজের দেশে ফিরতে কাউকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না।”
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিএনপি নেতারা জানিয়েছেন, উন্নতি না হওয়ায় তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তও এখনও অনিশ্চিত। সরকার প্রয়োজন হলে সহায়তা করবে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু জটিল রোগে ভুগছেন। গত সপ্তাহে বুকে সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার অবস্থা দুই দিন ধরেই ‘একই মাত্রায়’ সংকটজনক অবস্থায় রয়েছে।
তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :