বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ এবং সাবেক এমপি ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ‘সমন্বয় ভূমিকা’ ছিল। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন প্রতিবেদন জমা দেয়।
কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান জানান, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয়, নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতা ও তথ্য গোপনের ঘটনাও উঠে এসেছে। বাহিনীভিত্তিক তদন্ত, সাক্ষ্য ও বিভিন্ন নথি পর্যালোচনার ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে।
কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা পিলখানায় ঢুকে পরিস্থিতি প্রভাবিত করেছিলেন। নিহত বিডিআর সদস্যদের পরিচয় সংরক্ষণে অবহেলা এবং ঘটনার সময়কার সরকারি সিদ্ধান্তগুলোও তদন্তে প্রশ্ন তুলেছে।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল; এই প্রতিবেদন বহু প্রশ্নের উত্তর দেবে।”
কমিশন জানিয়েছে, ঘটনার সঙ্গে বহিঃশক্তির সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দলের ভূমিকারও ‘শক্ত প্রমাণ’ পাওয়া গেছে। বহু আলামত নষ্ট হয়ে গেলেও সাক্ষ্যগ্রহণ ও নথিপর্যালোচনার মাধ্যমে ঘটনার পূর্ণ চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে।
ভবিষ্যতে নিরাপত্তা বাহিনীতে এ ধরনের বিপর্যয় ঠেকাতে কমিশন কয়েকটি বড় কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে।
আপনার মতামত লিখুন :