ভূমিকম্পসহ মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করা হচ্ছে: ডিএমটিসিএল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

ঢাকার সচিবালয় স্টেশনে দুই কিশোরের মেট্রোরেলের ছাদে উঠে পড়ার ঘটনার পর রাজধানীর মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন ও জোরদারের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সোমবার উত্তরা দিয়াবাড়ির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য জানান।

ফারুক আহমেদের ভাষায়, ঘটনাটি অস্বাভাবিক ও উদ্বেগজনক। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল স্টেশনের প্রবেশপথে অতিরিক্ত সিসিটিভি স্থাপনসহ নজরদারি সরঞ্জাম বাড়ানো হচ্ছে। নিরাপত্তাজনিত নতুন প্রটোকলও বিবেচনায় রয়েছে।

রবিবার রাত ৮টার দিকে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে ওঠে পড়ে দুই কিশোর। তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে প্রতিটি ট্র্যাকে নিরাপত্তা তল্লাশি চালানো হয়।

মেট্রোরেলের সম্প্রসারণ প্রকল্পের বিষয়ে ডিএমটিসিএল এমডি জানান, দিয়াবাড়ি–টঙ্গী অংশে এখনো কোনো অগ্রগতি হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকল্পে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি রাজধানীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর মেট্রোরেলের অবকাঠামো পরিদর্শন করা হয়। ফারুক আহমেদ জানান, কোথাও শারীরিক ক্ষতি পাওয়া যায়নি।