ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ এবং মেট্রোরেল লাইন–৬–এর তৃতীয় সংশোধনীসহ মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা।
সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৯ হাজার ৪৫১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে ৫ হাজার ৬১০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩৭৯ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
চট্টগ্রাম অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন,
মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও বিতরণ,
তিনটি গ্যাস অনুসন্ধান কূপ খনন,
মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ,
সচিবালয় ও সরকারি আবাসিক ভবনের অগ্নিনিরাপত্তা উন্নয়ন,
সিরাজগঞ্জ–রায়গঞ্জ মহাসড়ক উন্নীতকরণ,
নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো উন্নয়ন,
সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পসহ স্বাস্থ্য, ওষুধ প্রশাসন ও কমিউনিটি ক্লিনিক–সংক্রান্ত উন্নয়ন প্রকল্প।
বৈঠক–পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও একনেক ও মন্ত্রিসভা তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, পাঠানো হলেও দুটি প্রকল্প—সচিবালয়ে নতুন ভবন নির্মাণ ও স্বাস্থ্য–সংক্রান্ত বড় একটি প্রকল্প—পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।
উপদেষ্টা জানান, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি নিয়ে অভিযোগ থাকলেও এখন আর ঠিকাদারি পর্যায়ে আগের মতো সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :