খালেদা জিয়াকে নিয়ে সরকারের বিবৃতি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে জাতীয়ভাবে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

বৈঠকে খালেদা জিয়ার চলমান শারীরিক অবস্থাকে “অতি সংকটপূর্ণ” উল্লেখ করে হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্তও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

এ ছাড়া, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বিবেচনায় খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয় এবং তা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানায়, এসব সিদ্ধান্ত সম্পর্কে খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির শীর্ষ নেতারা অবহিত আছেন।