জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় পুলিশের চার্জশিট দাখিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

জুলাই মাসে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানকে ঘিরে সারা দেশে সংঘটিত সহিংস ঘটনার ১০৬টি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, হত্যা মামলাগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, পাবনা, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলা এবং মহানগর পুলিশ ইউনিটের আওতাভুক্ত। অন্যান্য ধারার মামলা দাখিল হয়েছে রাজশাহী, নওগাঁ, নরসিংদী, টাঙ্গাইল, লালমনিরহাট, বরগুনা ও একাধিক মেট্রোপলিটন পুলিশ ইউনিটে।

পুলিশ জানায়, প্রতিটি মামলার তদন্ত তদারকি করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, যাতে তদন্ত প্রক্রিয়া নির্ভুল ও দ্রুত হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭ মামলায় মোট ২,৮৩০ জনকে অব্যাহতির জন্য অন্তর্বর্তী প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, অবশিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দায়ীদের বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।