আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগের তালিকা চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাজধানীতে আয়োজিত এক লটারি প্রক্রিয়ার মাধ্যমে এই কর্মকর্তাদের নির্বাচন করা হয়—যা নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে একটি নজিরবিহীন পদ্ধতি বলে বিবেচিত হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। ওই ফলাফলের ভিত্তিতেই ওসিদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।
দেশে মোট ৬৩৯টি থানা থাকলেও লটারিটি করা হয় জেলা পর্যায়ের ৫২৭টি থানা নিয়ে। মহানগর এলাকার ১১২টি থানা এতে অন্তর্ভুক্ত ছিল না। নতুন পদায়নে চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ ১১১ জন এবং ঢাকা রেঞ্জে ৯৮ জন ওসি নির্বাচিত হয়েছেন। অন্যান্য রেঞ্জগুলোর মধ্যে রাজশাহী ৭১, রংপুর ৬২, খুলনা ৬৪, ময়মনসিংহ ৩৬, বরিশাল ৪৬ এবং সিলেট রেঞ্জে ৩৯ জন ওসি পান নতুন দায়িত্ব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিরপেক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিতে বিভিন্ন ইউনিট থেকে সৎ ও যোগ্য কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে সেই তালিকা যাচাই করে লটারির আয়োজন করা হয়।
এর আগে ২৪ নভেম্বর একই পদ্ধতিতে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার।
আপনার মতামত লিখুন :