দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৯:৫০ অপরাহ্ন

দুর্নীতিবিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়েছে—যা সংস্থাটির ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানকে ঘিরে এমন তদন্ত।

কর্মজীবনে একজন চৌকস আমলা হিসেবে পরিচিত ইকবাল মাহমুদ ২০১৬ সালে দুদকের চেয়ারম্যান হন এবং দায়িত্ব গ্রহণের পর ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করেন। সেই সময় অসংখ্য অভিযুক্ত গ্রেপ্তার হন এবং অনেকেই দেশ ত্যাগ করেন। এখন সেই সময়কার প্রধান কর্মকর্তা নিজেই অভিযোগের মুখোমুখি।

দুদক সূত্র জানায়, সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হকের বিরুদ্ধেও সরকারি ফ্ল্যাট ক্রয়ে অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের তদন্ত চলছে।

ইকবাল মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আসে স্বাস্থ্য খাতের বিতর্কিত ব্যবসায়ী মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে, যেখানে তিনি ইকবালের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন। অভিযোগগুলো পর্যালোচনার পর দুদক অনুসন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা পরিচালনা করবে সংস্থার মানি লন্ডারিং শাখা। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে।

এ ছাড়াও ইকবাল মাহমুদের ছোট ভাই সাদিক মাহমুদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে আলাদা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।