রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলার মধ্যেই হাসপাতালজুড়ে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।
বুধবার সকালে হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, প্রধান ফটকে ব্যারিকেড বসিয়ে র্যাব, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। ফটকের সামনের সড়কের এক পাশেও যান চলাচল সীমিত রাখা হয়েছে।
হাসপাতালের আশপাশে সাধারণ রোগী ও দর্শনার্থীদের চলাচলে যেন অসুবিধা না হয়, সে জন্য ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
৮০ বছর বয়সী খালেদা জিয়া এভারকেয়ারের চতুর্থ তলার একটি কেবিনে চিকিৎসাধীন। নিরাপত্তার স্বার্থে ওই তলার আশপাশের কেবিনগুলো খালি রাখা হয়েছে। ২৩ নভেম্বর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা জটিলতায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করায় এসএসএফ সদস্যরাও হাসপাতালের নিরাপত্তায় যুক্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রোগীদের স্বাভাবিক সেবা নিশ্চিতে তারা নিয়মিত তৎপর রয়েছে।
আপনার মতামত লিখুন :