প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে কাজে ফিরতে হবে—অন্যথায় চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় জানায়, ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে অচল করে দিচ্ছে। কোথাও কোথাও পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষকদের বাধা ও হামলার ঘটনাও নজরে এসেছে।

শিক্ষকদের প্রধান দাবি—১১তম গ্রেডে বেতন, দীর্ঘ চাকরির পর উচ্চতর গ্রেড প্রদান এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি—ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বেতন গ্রেড উন্নীতকরণের বিষয়ে জাতীয় বেতন কমিশনের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বেতন-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ অবস্থায় মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে—সকল শিক্ষককে দ্রুত কাজে ফিরে বার্ষিক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করতে হবে। তা না হলে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।