খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

দিনের শুরুতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও হাসপাতালে পৌঁছান। মেডিকেল বোর্ড বলছে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল হলেও তার সার্বিক চিকিৎসায় অতিরিক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে পড়েছে। এ কারণে যুক্তরাজ্য ও চীন থেকে দল দু’টি এসেছে।

বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে চিকিৎসার দিকনির্দেশনা আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের হাতে হালনাগাদ মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শ্লথ হয়ে পড়েছে। নেতাকর্মীরা সারা দেশে দোয়া মাহফিলে তার সুস্থতা কামনা করছেন।