রাজধানীর রামপুরায় গত জুলাই–আগস্টের সহিংসতায় ২৮ জনকে হত্যার অভিযোগে গঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাঁদের প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় আনা হয়।
ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি নেওয়ার কথা রয়েছে।
হাজির দুই কর্মকর্তা হলেন—বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মো. রাফাত বিন আলম। মামলার বাকি দুজন—ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান—পলাতক। তাঁদের পক্ষে ট্রাইব্যুনাল ইতোমধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেছে।
ট্রাইব্যুনালের চারপাশে আজও চরম নিরাপত্তা জোরদার ছিল; অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়।
এর আগে ২২ অক্টোবর রেদোয়ানুল ও রাফাতকে সেনা হেফাজত থেকে আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।
গত জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের সময় রামপুরায় যে ২৮ জন নিহত হন, তদন্তে দেখা যায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর চারজনের বিরুদ্ধে পৃথক আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
আপনার মতামত লিখুন :