ঢাকার প্রশাসনিক কেন্দ্র সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘিরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজনৈতিকভাবে স্পর্শকাতর সময়কে সামনে রেখে নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বৃহস্পতিবার জারি করা ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব ও মিন্টো রোড ক্রসিং–এর মধ্যবর্তী পুরো এলাকায় কোনো ধরনের সমাবেশ, মিছিল, মানববন্ধন বা গণজমায়েত করা যাবে না।
ডিএমপির যুক্তি, প্রধান উপদেষ্টার নিরাপত্তা এবং জাতীয় প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা জরুরি ছিল।
এই নিষেধাজ্ঞা কতদিন চলবে সে বিষয়ে কোনো ইঙ্গিত না দিলেও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি দীর্ঘমেয়াদি হতে পারে বলেই অনেকে মনে করছেন।
আপনার মতামত লিখুন :