বিডিআর বিদ্রোহ তদন্তে দায় এড়াতে ব্যর্থতার অভিযোগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের জন্য সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। বৃহস্পতিবার পাঠানো নোটিশে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ চার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আইনজীবীরা সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না হলে তারা আদালতের দ্বারস্থ হবেন।
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে, যার মধ্যে বর্তমান আইজিপিও রয়েছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারির ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। পরবর্তী বিচার প্রক্রিয়ায় বহু সদস্যের মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদের সাজা হয়। তবে তদন্ত ও বিচারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলতে থাকেন ভুক্তভোগীরা, যা শেষ পর্যন্ত গত বছরের ডিসেম্বরে স্বাধীন তদন্ত কমিশন গঠনের পথ তৈরি করে। কমিশন ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
আপনার মতামত লিখুন :