দুর্নীতির অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে প্রথমবারের মতো নিজ কমিশনার পর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। বিটিআরসির আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন দুদকের পরিচালক জালাল উদ্দীন আহমেদ। আসামিদের মধ্যে রয়েছেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার রেজাউল কাদের ও আমিনুল হাসান।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে সরকারের অনুমোদন ছাড়াই বিটিআরসি পরীক্ষামূলক রেটে কল টার্মিনেশন ফি অর্ধেক করে দেয় এবং সরকারি রেভিনিউ শেয়ার কমায়। এতে আন্তর্জাতিক কল থেকে বিদেশি মুদ্রা না আনা, কম রেটে কল আনা এবং রেভিনিউ ভাগ পরিবর্তনের মাধ্যমে বিপুল অঙ্কের ক্ষতি হয়।

জহুরুল হকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—বিটিআরসির চেয়ারম্যান থাকার সময় ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং পরে দুদক কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতার অপব্যবহার। রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে তিনি নিজের ও স্ত্রীর নামে একাধিক প্লট সংগ্রহ করেন, যা নিয়ম বহির্ভূত। এই কারণে তার পাসপোর্ট বাতিল এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪১৮ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে।