ঢাকায় পৌঁছালেন জুবাইদা রহমান, পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে বর্তমানে খালেদা জিয়া চিকিৎসাধীন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসক রিচার্ড বেলি, পরিবারের সদস্যরা এবং বিএনপি নেতারা।

তবে এদিন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা অন্তত এক দিন পিছিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি শুক্রবার পৌঁছায়নি; সব ঠিক থাকলে শনিবার আসতে পারে।

তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে ৭ তারিখে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।”

চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কাতারের আমির প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হয়েছিল, যেখানে চিকিৎসা শেষে চার মাস পর তিনি দেশে ফেরেন।

দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত জুনে স্বল্প সময়ের জন্য দেশে এসে আবার লন্ডনে ফিরে যান।