রবিবার লন্ডন যেতে পারেন খালেদা জিয়া: মির্জা ফখরুল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পিছিয়ে গেল কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোর কারণে। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় নির্ধারিত সময়ে ঢাকায় নামতে পারেনি। সব ঠিক থাকলে এটি শনিবার পৌঁছানোর কথা।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে তিনি রবিবার লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।”

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাত থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বছরের শুরুতে, ৭ জানুয়ারি, কাতারের আমিরের দেওয়া একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফেরেন। সেই যাত্রায় তার সঙ্গে ছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর সময় ও খালেদা জিয়ার শারীরিক অবস্থা—এই দুই বিষয়ের ওপরই তার লন্ডন যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।