ডা. জাহিদের ব্রিফিং

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেরি হচ্ছে মূলত তার শারীরিক অবস্থার কারণে—এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার এক ব্রিফিংয়ে তিনি জানান, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ড এখনো ফ্লাই করার অনুমতি দেয়নি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যই নির্ধারণ করবে কখন তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসা ও নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। তারেক রহমানও সার্বক্ষণিকভাবে চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং বোর্ডের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি। চিকিৎসা সমন্বয়ে যুক্ত আছেন ডা. জুবাইদা রহমানও।

তিনি সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মেডিকেল বোর্ড প্রতিদিন অবস্থার মূল্যায়ন করছে এবং আশাবাদী। কাতার সরকার ও অন্তর্বর্তী সরকার সহায়তায় রয়েছে।

১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার পাকস্থলির জটিলতার কারণে শুক্রবার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে রক্তক্ষরণ হলেও তা পরে নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।