ইন্টার মায়ামি অবশেষে পেল তাদের প্রথম এমএলএস কাপ শিরোপা—এবং প্রত্যাশিতভাবেই নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। শনিবার রাতের ফাইনালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা, যিনি ম্যাচে দুটি গোলের সহায়তা করেন।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটিকে বিশ্বমঞ্চে নতুন পরিচিতি দিয়েছিলেন মেসি। এবার তার হাত ধরেই ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি, মাত্র চার বছর আগে যাত্রা শুরু করা সত্ত্বেও, প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরে।

জয়ের ফলে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ব্যক্তিগত শিরোপা সংখ্যা দাঁড়াল ৪৮টি—যা তাকে আবারও সমসাময়িক ফুটবলে অনন্য উচ্চতায় স্থাপন করল। একইসঙ্গে তিনি এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ম্যাচের শুরুতেই ভাগ্য সহায় হয়েছিল মায়ামির। অষ্টম মিনিটে তাদেও আলেন্দের শটে ভুল করে নিজেদের জালে বল পাঠান ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো, যা ফাইনালের গতি নির্ধারণ করে দেয়।
মায়ামির এই শিরোপা শুধু ক্লাবের জন্য নয়, এমএলএস লিগের জন্যও এক নতুন অধ্যায়—যেখানে মেসির উপস্থিতি এখনো লিগের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবেই কাজ করছে।
আপনার মতামত লিখুন :