আমদানির ঘোষণায় একদিনেই পেঁয়াজের দাম কমলো ৪০ টাকা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৭:০২ অপরাহ্ন

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ঘোষণায় চট্টগ্রামের খাতুনগঞ্জ—দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের বাজারে—পেঁয়াজের দাম একদিনেই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে গেছে।

রবিবার খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, যেখানে মাত্র একদিন আগেই দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা।

বাজারের আড়তদাররা জানান, দেশি পেঁয়াজের মজুদ কমে আসা, নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করা এবং আমদানির অনুমতি—এই তিনটি বিষয় একত্রে বাজারকে দ্রুত ঠান্ডা করেছে। ব্যবসায়ীদের মতে, ভারতীয় পেঁয়াজ বাজারে প্রবেশ করলে দাম আরও কমতে পারে।

হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, “আমদানির খবরে বাজার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে। একদিনেই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পড়ে গেছে।”

ব্যবসায়ীরা জানাচ্ছেন, দেশে এ বছর পেঁয়াজ উৎপাদন তুলনামূলক ভালো হওয়ায় দীর্ঘ সময়ই দেশি পেঁয়াজেই সরবরাহ বজায় ছিল। ইতোমধ্যে নতুন মৌসুমের ‘মুড়িকাটা’ পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে—আগামী এক সপ্তাহের মধ্যেই এর সরবরাহ বাড়বে, যার ফলে দাম আরও নেমে আসতে পারে বলে তাদের ধারণা।

তবে পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে তার প্রভাব এখনও স্পষ্ট হয়নি। রাজধানীসহ বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজ এখনও কেজিতে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।