আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর গুলশান–২–এ অবস্থিত বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে সরকারের দখলে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫২ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক বছরের বেশি সময় আগে মৌখিক আদেশ দিয়েছিলেন। পূর্ণাঙ্গ রায়ে তিন মাসের মধ্যে সম্পত্তি হস্তান্তর এবং সরকারকে ৯০ দিনের মধ্যেই দখল নেওয়ার নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বাড়িটি বেসরকারি ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণ করতে বলা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সম্পত্তি গ্রহণের পর ১৫ দিনের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সালাম মুর্শেদীর বিরুদ্ধে বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’ দখল করে রাখার অভিযোগ এনে ২০২২ সালে রিট করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বর্তমানে তিনি হত্যা মামলায় কারাবন্দী।
আপনার মতামত লিখুন :