৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুই ভূমিকম্প


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে ওঠে সিলেট। উভয় ভূমিকম্পেরই কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার অঞ্চলে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করে।

বুধবার রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। ঠিক পাঁচ মিনিট পর, রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে, আবারও ৩.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়, যার গভীরতা ছিল ৩০ কিলোমিটার—তথ্য দিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

একই রাতে আঞ্চলিক ভূপ্রবণতা আরও স্পষ্ট হয় কয়েকটি দূরবর্তী কম্পনে। রাত ২টা ৫৪ মিনিটে মিয়ানমারের উত্তর মান্দালয়ের কাছে ৩.৭ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। আর রাত ৩টা ৩৮ মিনিটে, আন্দামান-নিকোবরের কাছাকাছি বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সিলেটসহ বৃহত্তর অঞ্চলের ভূকম্পন-সংবেদনশীলতার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।