এস আলমের ১৬ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর স্বার্থ–সংশ্লিষ্টদের নামে থাকা প্রায় ১,৯৩৬ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, জব্দ হওয়া সম্পত্তির আনুমানিক মূল্য ১৬ হাজার ৯৪০ কোটি টাকার বেশি।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আবেদনে জানান, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে গঠিত টিম অনুসন্ধান চালাচ্ছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন ব্যাংক থেকে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক নামে ঋণ নিয়ে তা বিধিবহির্ভূতভাবে আত্মসাৎ করা হয়েছে এবং দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে।

দুদকের দাবি, চলমান তদন্তের সময় এসব জমি হস্তান্তর বা বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সে কারণেই সম্পদ সুরক্ষায় জরুরি ভিত্তিতে আদালতের অনুমতি চাওয়া হয়।

আদালতের নির্দেশে জমিগুলো আপাতত জব্দ থাকবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পদ স্থানান্তর কিংবা বিক্রির সুযোগ থাকবে না।