অপমানবোধ করছেন রাষ্ট্রপতি, নির্বাচন শেষে পদত্যাগের ইচ্ছা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি পদত্যাগ করতে চান। অন্তর্বর্তী সরকারের অধীনে নিজেকে “অপমানিত” মনে করছেন বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি পদত্যাগে আগ্রহী হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে হচ্ছে।

সাহাবুদ্দিন অভিযোগ করেন, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো বৈঠক করেননি। প্রেস ডিপার্টমেন্টের দায়িত্ব তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং গত সেপ্টেম্বরে বিদেশি দূতাবাসগুলো থেকেও তার প্রতিকৃতি অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, “এক রাতের মধ্যে রাষ্ট্রপতির সব ছবি সরিয়ে ফেলা হয়। এতে ভুল বার্তা যায়—মানুষ ভাবতে পারে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমি গভীরভাবে অপমানিত।”

এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখলেও কোনো প্রতিক্রিয়া পাননি বলে জানান।
রয়টার্স জানায়, তারা ইউনূসের প্রেস অফিসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি।

৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।