রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় স্বাধীন প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। হামলার পর তিনি নিরাপত্তা বাহিনীকে দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেপ্তারের কঠোর নির্দেশ দেন।
শুক্রবার দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুজন অস্ত্রধারী হাদিকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন তার সহকর্মীরা। গুরুতর অবস্থায় তাকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যে, তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।
চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রফেসর ইউনূস বলেন, “নির্বাচনী পরিবেশে এমন সহিংসতা অগ্রহণযোগ্য। প্রার্থী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের নরম অবস্থান নেওয়া হবে না।” তিনি সব রাজনৈতিক পক্ষকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান, যেন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।
হাদি এর আগে বিভিন্ন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার দাবি করেছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার জন্য বি–নেগেটিভ রক্তের প্রয়োজন।
আপনার মতামত লিখুন :