ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে।

শুক্রবার দুপুরে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। জুমার নামাজ শেষে হাইকোর্টের পথে থাকা হাদি রিকশায় ছিলেন। পেছনের রিকশায় থাকা স্বজন রাফি জানান, ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটেছে এবং তদন্ত চলছে।

ওসমান হাদির ওপর এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।