ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের নিয়ে নতুন তথ্য প্রকাশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় নতুন তথ্য উন্মোচিত হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনার আশপাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই দুই যুবক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকা ত্যাগ করছে। ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে—একজনের পরনে কালো পাঞ্জাবি, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট; অন্যজন পরেছিলেন কালো ব্লেজার, মাস্ক ও চশমা।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পোশাক এলাকার আরেকটি জনসংযোগ কার্যক্রমে থাকা দুজন মাস্কধারী ব্যক্তির সঙ্গে মিলে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা আগে থেকেই হাদির আশপাশে উপস্থিত ছিল।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেছেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। এতে হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে কালো মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথায় গুলি করে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান—গুলিটি তার মস্তিষ্কে আটকে আছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে নভেম্বর মাসে দেশি–বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ করেছিলেন ওসমান হাদি। তিনি দাবি করেছিলেন, তার পরিবারকেও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।