প্রধান উপদেষ্টা

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ঢাকা—ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের একটি “সুপরিকল্পিত ষড়যন্ত্র” হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কোনো শক্তিই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া থামাতে পারবে না।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে তিনি বলেন, এই হামলা অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা এবং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সরাসরি আঘাত।

প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, হামলার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তারা যেন দেশ ছাড়তে না পারে, সে জন্য সীমান্তে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকিতে থাকা রাজনৈতিক কর্মী ও ব্যক্তিদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন এবং পরিবারের সম্মতিতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা দেশবাসীকে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার আহ্বান জানান।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে একটি বিশেষ হটলাইন চালু করা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। আইন, স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত উপদেষ্টাসহ সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।