হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে “ফ্যাসিস্ট-সন্ত্রাসীদের দমনে” অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হামলাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এই হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে; প্রয়োজনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথাও জানান তিনি।

শুক্রবার দুপুরে বিজয়নগরে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন; চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা সংকটাপন্ন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় খুব দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”