ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব। রোববার সকালে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, র্যাব-২ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি তার মালিকানাধীন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। র্যাবের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য জানার চেষ্টা চলছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলের পেছনে বসা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
শনিবার পুলিশের প্রকাশিত সন্দেহভাজনের ছবি সামনে আসার পর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দ্রুত গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করেন। এর পরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :