হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:২১ অপরাহ্ন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও তিনজন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব।

রোববার রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যৌথ অভিযানে রাজধানী থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়েছে।

র‍্যাবের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরিত একাধিক চেকবই ও কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার নেপথ্য ও সম্ভাব্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।