উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি মেডিক্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাঁর সঙ্গে যাবেন দুই ভাই।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে রবিবার সংশ্লিষ্ট উপদেষ্টা, চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুরসহ একাধিক দেশের হাসপাতালে যোগাযোগ করেছিল। বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে শেষ পর্যন্ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।

সরকার তাঁর চিকিৎসার সব ব্যয় বহন করবে এবং সার্বক্ষণিকভাবে চিকিৎসাপ্রক্রিয়া পর্যবেক্ষণে রাখবে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।