রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান এ আবেদন করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আজ রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে, জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
রোববার রাতে ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অন্য আসামিরা হলেন ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের প্রচারণা চালিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন। এতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের ষড়যন্ত্রে উৎসাহিত হয়েছে বলে অভিযোগ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সময় স্বল্পতার কারণে এখনো আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। পলাতক সহযোগীদের শনাক্ত, তাদের অবস্থান নির্ধারণ এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন।
আপনার মতামত লিখুন :