বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপস্থিতি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে ঘিরে সামরিক সক্ষমতা ও শৃঙ্খলার প্রদর্শন করা হয়।

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ছিল ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী। এদিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ সদস্য—মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে ফ্রি ফল জাম্পের মাধ্যমে অবতরণ করেন। সফল হলে এটি হবে এ ধরনের সর্বোচ্চ অংশগ্রহণের একটি নতুন রেকর্ড।

অনুষ্ঠানে সমন্বিত ব্যান্ড পরিবেশনা ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাস এলাকায় সীমিত পরিসরে ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী খুলনা, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি অঞ্চলে ফ্লাই পাস্ট পরিচালনা করে।

এ আয়োজনে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক ও সশস্ত্র বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর জাহাজ ও সামরিক জাদুঘরগুলোও নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়।