এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। একই সঙ্গে ঢাকায় ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ভারতের দাবি, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) এক নেতা প্রকাশ্যে উসকানিমূলক ও ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—‘সেভেন সিস্টার্স’—ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকির কথা বলা হয়, যা নয়াদিল্লি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও কিছু চরমপন্থি তৎপরতার বিষয়টি বাংলাদেশি হাইকমিশনারকে জানানো হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনায় যথাযথ তদন্ত ও তথ্য আদান-প্রদানের ঘাটতির অভিযোগও তোলা হয়।

বিবৃতিতে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ভারত জানায়, বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অবাধ নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করে তারা।

এদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতের আসামসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।