হাদিকে গুলি: শুটার ফয়সাল সম্পর্কে আদালতে নতুন তথ্য


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

ঢাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পালিয়ে যাওয়ার পথ ও প্রস্তুতির বিষয়ে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এক সহায়তাকারী।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড শুনানিতে মো. নুরুজ্জামান নোমানী (উজ্জ্বল) জানান, ঘটনার দিন ফয়সাল একটি প্রাইভেট কার ভাড়া করেন এবং একই দিনে তিন দফা গন্তব্য পরিবর্তন করেন। প্রথমে গাড়িটি মৎস্য ভবনের সামনে, পরে আগারগাঁওয়ের বিএনপি বাজার এবং শেষ পর্যন্ত ধামরাইয়ের কালামপুরে পাঠানো হয়। সেখান থেকে ফয়সাল গাড়িতে করে ময়মনসিংহে যান বলে তিনি জানান।

নুরুজ্জামান বলেন, গাড়ি ভাড়ার সূত্রে গত নয় মাস ধরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ থাকলেও ঘটনার আগে তিন মাস সরাসরি দেখা হয়নি। ঘটনার দিন পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া নেওয়ার কথা বলেন ফয়সাল। নিজের গাড়ি না থাকায় তিনি বন্ধুর গাড়ির ব্যবস্থা করে দেন।

শুনানি শেষে আদালত নুরুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশা থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ প্রধান সন্দেহভাজন শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলচালক আলমগীর হোসেনকে শনাক্ত করেছে।