রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বার্তায় জানানো হয়, বৈঠকে রাষ্ট্রপতি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন। বিশেষ করে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব উদ্যোগ ভবিষ্যতে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দিকনির্দেশনা দেবে।

রাষ্ট্রপতি প্রধান বিচারপতির অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।