অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনের নিয়োগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম ধাপে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে প্রবেশ পদে যোগ দেবেন। তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ নিতে হবে এবং দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

সরকার জানিয়েছে, প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করলে চাকরি স্থায়ী হবে। তবে এ সময় অনুপযুক্ত বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই চাকরি বাতিলের সুযোগ রাখা হয়েছে। চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণকালীন ব্যয় ফেরত দেওয়ার বাধ্যবাধকতাও থাকবে।

জ্যেষ্ঠতা রক্ষায় নিয়োগ আদেশ ব্যাচের প্রথম প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে, যদিও এর ফলে কোনো বকেয়া আর্থিক সুবিধা মিলবে না।