ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
সংগঠনটি জানিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং একযোগে ‘কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মুখ এবং ভারতীয় আধিপত্যবিরোধী রাজনীতির অগ্রসেনানী। তাঁর মৃত্যুকে আন্দোলনের জন্য “গভীর ক্ষতি” হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানান তিনি।
জুলাই ঐক্যের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও, হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনি প্রচারের সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :