প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

ঢাকার কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সহিংস এ ঘটনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে একটি বিক্ষুব্ধ মিছিল কারওয়ান বাজারে যায়। প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে বিক্ষোভকারীদের একটি অংশ ভেতরে ঢুকে আসবাবপত্র ও নথিপত্র বের করে রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

পরে একই দল পাশের ডেইলি স্টার কার্যালয়ের দিকেও অগ্রসর হয়ে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিপুল উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে।

রাত গভীর পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।