হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দর থেকে মরদেহটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

শুক্রবার জুমার নামাজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে শাহবাগমুখী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে তাকে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনও পৃথকভাবে শোক জানিয়েছে। শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে সরকার।