ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ নগরীর সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দর এলাকায়—সিভিল অ্যাভিয়েশন জোন, ডোমেস্টিক টার্মিনাল ও অভ্যন্তরীণ গোলচত্বরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
হাদির মৃত্যুসংবাদের পর থেকে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে প্রেক্ষাপটে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।
আপনার মতামত লিখুন :