ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে মানুষের সমাগম শুরু হয়েছে। স্লোগান দিতে দিতে একের পর এক মিছিল এভিনিউয়ে প্রবেশ করছে।
সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছে।
জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের বিভিন্ন প্রবেশপথে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, বাদ জোহর শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
আপনার মতামত লিখুন :